advertisement
advertisement

ফুলবাড়ীতে কাল থেকে আট দিনব্যাপী রাসমেলা, উৎসবস্থল পরিদর্শনে ইউএনও


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ফুলবাড়ীতে কাল থেকে আট দিনব্যাপী রাসমেলা, উৎসবস্থল পরিদর্শনে ইউএনও

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের রাসযাত্রা ও রাসমেলা। এ উপলক্ষে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে চতুর্থবারের মতো আট দিনব্যাপী রাসমেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাস উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। মন্দির প্রাঙ্গণজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণিল সাজসজ্জায় সাজানো হয়েছে পুরো উৎসবস্থল।
সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাসমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। 
এ সময় তিনি রাসমেলা উদ্‌যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস,, প্রধান পৃষ্ঠপোষক শ্যামল চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন কালে ইউএনও জাহিদ হাসান উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, মঙ্গলবার বিকাল থেকে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার নজরদারি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিও থাকবে।
তিনি আয়োজক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আট দিনব্যাপী এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা এবং রাসমেলা উদ্‌যাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রাসমেলা প্রাঙ্গণে রাতে ইউএনওর আগমন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাসযাত্রা ও রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আট দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা, আট দিন ব্যাপী রাসমেলাকে কেন্দ্র করে ফুলবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক ভক্ত, দর্শনার্থী ও উৎসবপ্রেমী মানুষের সমাগম ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির আবহে মুখর হয়ে উঠবে পুরো রাসমেলা প্রাঙ্গণ।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর